দিনাজপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
দিনাজপুরের খানসামা উপজেলায় নিখোঁজের দুদিন পর এক শিশুর এক লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ভাবকি ইউনিয়নের দেউলগাঁ গ্রামে একটি বাঁশঝাড়ে আব্দুল আসাদের (৮) লাশ পাওয়া য়ায়।
আসাদ খানসামার আগ্রা গ্রামের মিয়াজী পাড়ার সাবের আলী ছেলে। দুই বছর বয়সে দেউলগাঁ গ্রামের আত্মীয় সুরত আলী পোষ্য সন্তান হিসেবে তাকে গ্রহণ করেন।
সুরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসাদ। বৃহস্পতিবার এলাকায় মাইকিংও করা হয়।
স্থানীয় লোকজন শুক্রবার বাড়ির পাশে বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন বলে জানান সুরত আলী।
খানসামা থানার ওসি আব্দুল মতিন প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের গলায় কাঁচা পাট জড়ানো এবং মুখ দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো ছিল।
ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পালিত বাবা ও মাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
