সিলেটে ছুরিকাঘাতে আহত দোকানির মৃত্যু
সিলেট নগরীতে মোটরসাইকেল রাখা নিয়ে বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আহত এক দোকানি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ।
নিহত করিম বক্স মামুন আহমদ (২২) নগরীর জল্লারপাড় এলাকার এলিগ্যান্ট শপিং সিটিতে নিজ দোকানে মোবাইল ফোনসেট বিক্রি করতেন।
ওসি বলেন, মঙ্গলবার বিকেলে মামুনের দোকানের সামনে তিন-চারজন লোক মোটরসাইকেল রাখতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা মামুনকে ছুরি মেরে পালিয়ে যায়।
“হাসপাতালে ভর্তির পর তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা হয়। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।”
এ ঘটনায় এখনও কেউ আটক করা হয়নি বলে জানান ওসি সোহেল।
