শ্মশানে লাশ নিতে বাধা, সড়ক অবরোধ
নীলফামারীর জলঢাকা উপজেলায় শ্মশানে লাশ নিয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা পৌরসভার সবুজপাড়ার এ ঘটনায় এলাকাবাসী প্রায় পাঁচ ঘণ্টা জলঢাকা-ডালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বলে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল ইসলাম ও জিয়া চৌধুরী ওই দুই ব্যক্তি। তাদের বাড়ি সবুজপাড়ায়।
এলাবাসী জানায়, মঙ্গলবার পৌর এলাকার মুদিপাড়া গ্রামের বিনয় চন্দ্র রায় (৭৫) মারা যান।
বিনয়ের স্ত্রীর বলেন, “আমার স্বামীর মৃতদেহ সবজুপাড়া শ্মশানে নিতে চাইলে রফিকুল ইসলাম ও জিয়া চৌধুরী বাধা দেন।
“আমি অসহায় হয়ে ওই পথে বসি। পরে খবর পেয়ে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।”
অভিযোগ অস্বীকার করে জিয়া চৌধুরী বলেন, “ওই শ্মশানে যাওয়া-আসার নির্ধারিত কোনো পথ ছিল না। আগে আমাদের জমি ফাঁকা থাকায় ওই জমির ওপর দিয়ে চলাচল করতো। এখন জমিতে চাষ করায় তা বন্ধ হয়ে গেছে।”
ওসি মোস্তাফিজার রহমান বলেন, পরে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হকের হস্তক্ষেপে তারা শ্মশানে লাশ নিয়ে যায়।
এ নিয়ে ইউএনও রাশেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। সেখান থেকে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।”
