ঝিনাইদহ সীমান্তের ওপারে গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাটা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
সোমবার রাতে ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
আহত আব্দুল হাকিম (৩৫) মহেশপুরের লড়াইঘাটা গ্রামের নুরু সরকারের ছেলে। তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঝিনাইদহে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, সোমবার রাতে একদল বাংলাদেশি গরু আনার জন্য জিরো লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় আধা কিলোমিটার ঢুকে যায়।
“এ সময় ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফের টহল দল তাদের থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। তখন বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে আব্দুল হাকিম আহত হন।”
তাজুল ইসলাম জানান, এরপর তার সঙ্গীরা তাকে বাংলাদেশে নিয়ে আসেন। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে এই বিজিবি কর্মকর্তা জানান।
