ফরিদপুরে আগ্নেয়াস্ত্রসহ তিন ‘ডাকাত’ গ্রেপ্তার
মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাকাতির ঘটনায় ফরিদপুর শহর থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার ভোরে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফরিদপুর র্যাবের উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন লাবলু মিয়া, আব্দুস সামাদ ও জাকারিয়া শেখ।
র্যাব কর্মকর্তা আল-হাসান বলেন, শনিবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে ইমরুল শেখের বাড়িতে ডাকাতি হয়।
“ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হয়। সোমবার ভোরে ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি রামদা ও তালা ভাঙার সরঞ্জামাদিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারকৃতদের বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে বলে জানান র্যাব কর্মকর্তা।
