২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো ব্যানারে শোক র‌্যালি সারাদেশে

জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি উদ্যোগে কালো ব্যানার নিয়ে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল, দোয়াসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 02:29 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবার নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান।

সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী

সকালে নগরীর কুমারপাড়া স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, মহানগর আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি শাহীন আকতার রেনী, সহ-সভাপতি মীর ইকবাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু প্রমুখ নেতা-কর্মী ও সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।

পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে নগরীতে শোক র্যাবলি বের করে মহানগর আওয়ামী লীগ। কালো পতাকা হাতে শোক র্যায়লিতে দলের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া নগরীর প্রতিটি মোড়ে মাইকে বন্ধবন্ধুর ভাষণ বাজানো হয়।

 

বরিশাল

বরিশালে শোক দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল ও মোমবাতি জ্বেলে শ্রদ্ধা জানানো হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ উপস্থিত ছিলেন।

প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা পরিষদ প্রশাসক খান আলতাফ হোসেন, পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, ভারপ্রাপ্ত ডিআইজি আকরাম হোসেন, পুলিশ সুপার এসএম আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভোলা

শোক র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে ভোলায়। সকালে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে পৃথক শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার প্রমুখ।

ফরিদপুর

সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে অম্বিকা ময়দান চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান প্রমুখ। এছাড়া অনেক সরকারি-বেসরকারি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ ।

এদিকে শোক দিবস উপলক্ষে জেলার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, রক্তদান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।

Image
বরিশাল

বরিশাল

মুন্সীগঞ্জ

জেলা প্রশাসনের উদ্যোগে এক শোক র‌্যালিতে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্তরের মানুষ।

শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অনেক সাধারণ মানুষসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মো. জায়েদুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছ-উজ-জামান, পৌরমেয়র ফয়সাল বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

মাগুরা

বন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোকসভা, মিলাদ-মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা, রক্তদান, আবৃত্তি প্রভৃতি কর্মসূচি পালিত হয়েছে মাগুরায়।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোক র‌্যালি বের হয়। কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয়ে র‌্যালিটি নোমানী ময়দানে শহীদ বেদীতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য এটিএম আব্দুল ওয়াহহব ও কামরুল লাইলা জলি, জেলা প্রশাসক মু. মাহবুবর রহমান, পুলিশ সুপার এহসান উল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংঙ্কজ কুণ্ডু,  আদর্শ কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, সিভিল সার্জন আব্দুল লতিফসহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় শোক দিবসের আলোচনা সভা।

এর আগে সকালে শহীদ সৈয়দ আতর আলী পাঠাগারে শিশু একডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।

জেলা বিএমএ ও স্বাচিবের উদ্যোগে সদর হাসপাতাল মিলনায়তনে দিনব্যাপী চলে ফ্রি চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচি।

নেত্রকোণা

সোমবার সকালে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র ররহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়,  মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা কমান্ডার নূরুল আমীন, জেলা যুবলীগ,  জেলা ছাত্রলীগ, নেত্রকোণা রাষ্ট্রবিজ্ঞান সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি সংস্থা ফুল দিয়ে জানায়।

পরে আলোচনাসভা, কবিতাপাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিয়োগিতা, মিলাদ ও দোয়া মাহফিল হয়।

শেরপুর

জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে  শেরপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

সোমবার সকালে  কালেক্টরেট প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম।

এছাড়া জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে হুইপ আতিকের নেতৃত্বে একটি শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভা হয়।

এদিকে সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে স্থাপিত বিশেষ মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা জজশিপ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও জেলা আইনজীবী সমিতির সদস্যরা। 

এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শেরপুর জেলার সব মসজিদে কোরআনখানি, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল, শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিভিন্ন মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা, স্থানীয় দৈনিক পত্রিকায় বিশেষ নিবন্ধ প্রকাশ, বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শণ প্রভৃতি।