২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আইএস নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আইএসের অস্তিত্বের কথা বরাবরের মতো আবার অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 09:55 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

শুক্রবার সন্ধ্যায় সাভারে এক জঙ্গিবিরোধী সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে আইএস নামের কোনো জঙ্গি সংগঠন নেই।

“দেশের এ মাথা থেকে ওমাথা ঘুরেও আইএস নামের কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি। যারা আছে তারা জেএমবি, হুজি, আনসারউল্লাহ বাংলা টিম।”

দেশে গত দুই বছরে বিভিন্ন সন্ত্রাসী হামলায় আইসের দায় স্বীকারের পর সরকারের পক্ষ থেকে বারবার তা প্রত্যাখ্যান করা হয়।

গত ১ জুলাই গুলশানের আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার দায় স্বীকার করেও আইএস বিবৃতি প্রকাশ করে।   

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর গুলশান, শোলাকিয়া কিংবা বিদেশি নাগরিক সিজার তাভেল্লা, কুনিও হোশি হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে যে জঙ্গি হামলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে।

“আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জীবনকে তুচ্ছ করে একের পর এক ঘটনা সামলে যাচ্ছেন। ইতিমধ্যে ইসলাম বিরোধী ও দেশ বিরোধীদের ধরা হয়েছে।

“আগে আমরা কওমী মাদ্রাসা ও আলীয়া মাদ্রাসার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাতাম। এখন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে শত্রুরা ঢুকেছে। তারা উচ্চবিত্ত এবং আমাদেরই সন্তান।”

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে ‘জঙ্গিবিরোধী সমাবেশে’ স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন।  

সমাবেশে প্রধান আলোচক ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, জঙ্গি সন্ত্রাসীদের দমন নয়, নির্মূল করা হচ্ছে। পুরোহিত হত্য, বিদেশি হত্যাকারীরা আইএস নয়। তারা এ দেশীয় জামায়াত ও শিবির।

“তারা যেভাবে চাপাতি ও ছুরি দিয়ে হামলা চালায় জামায়াত-শিবিরও একইভাবে হামলা চালায়, রগ কাটে।”

জামায়াত শিবির এখন বিএনপির পেটে ঢুকেছে বলেও মন্তব্য করেন খদ্যমন্ত্রী।

সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা, ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা ফারুক হাসান তুহিন প্রমুখ।