দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
দৌলতদিয়ার তিনটি ফেরিঘাট চালু হওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যান পারাপার স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিএ জানায়, শুক্রবার দুপুর থেকে ভারী যানবাহনসহ যাত্রীবাহী বাসগুলো এ নৌপথে পার হতে শুরু করেছে।
বিআইডব্লিউটিএ-এর দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ২,৩ ও ৪ নম্বর ফেরি ঘাট চালু হওয়ার পর পরীক্ষামূলকভাবে হালকা যানবাহন চলাচল করছিল।
“শুক্রবার দুপুরের পর থেকে ১০টি ফেরি দিয়ে ভারী যানবাহনও চলছে। ক্রমান্বয়ে বাকি সাতটিও চলাচল করবে।”
চারটি ফেরি ঘাটের মধ্যে অপর ১ নম্বর ঘাটটি এখনও চালু হয়নি। সেটি মেরামতের কাজ চলছে বলেও জানান শফিকুল।
পদ্মা নদীর প্রবল স্রোত, প্রচণ্ড দমকা হাওয়া এবং নদীর ভাঙনে দৌলতদিয়ার তিনটি ফেরি ঘাট বন্ধ হওয়ার পর ফেরি চলাচল সীমিত করা হয়।
শনিবার রাতে ১ নম্বর এবং রোববার সকালে ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়। এর আগে ২৭ জুলাই বন্ধ হয়েছিল ৪ নম্বর ঘাট। ৩ নম্বর ঘাট আগে থেকেই চালু ছিল।
গত মঙ্গলবার সন্ধ্যার পর এ রুটে লঞ্চ চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
