Published : 10 Aug 2016, 12:24 PM
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রেললাইন থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান পার্বতীপুর রেলওয়ে পুলিশের এসআই আনিছুর রহমান।
নিহতরা হলেন সারথি রানী (৪৫) ও মেয়ে ফাল্গুনী রানী (১৫)। তারা ছিলেন উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাসচন্দ্রের স্ত্রী ও মেয়ে। ফাল্গুনী আদর্শ কলেজপাড়া কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৬৪/২ নম্বর পিলারের কাছে রেললাইনের ওপর ট্রেনে কাটা পড়া দুইজনের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। রাতেই তাদের পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।
“পারিবারিক কোন্দলের জেরে মা-মেয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে।”
পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই জানান।