২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছোটভাইকে কুপিয়ে হত্যা করল ‘বড়ভাই’

নীলফামারীর ডোমারে বাঁশ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 05:57 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নিতাই চন্দ্র রায় (২৩) ওই এলাকার মৃত অনিল চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ নিতাইয়ের বড় ভাই গোবিন্দ চন্দ্র রায়কে (৩০) আটক করেছে।

ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু প্রত্যক্ষর্দশীদের বরাতে বলেন, বেলা ১১টার দিকে নিতাই চন্দ্র রায় বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে গোবিন্দ বাধা দেন। এতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

“এক পর্যায়ে গোবিন্দ ছোট ভাই নিতাই চন্দ্রের হাতে থাকা দা কেড়ে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নিতাই মারা যান।”

ওসি বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“বড় ভাই গোবিন্দ চন্দ্রকে বাড়ি থেকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।”

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।

এ ঘটনায় নিহতের মা কিরণ বালা বাদী হয়ে বড় ছেলে গোবিন্দর বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।