Published : 09 Aug 2016, 02:14 PM
সোমবার রাত সাড়ে ৯টার দিকে হোগলা বাজারের কাছে এ ঘটনা ঘটে বলে জানান পূর্বধলা থানার ওসি আব্দুর রহমান।
নিহত হাবিবুর রহমান ওরফে তুলা মিয়া ফকির (৩০) হোগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামের মোখলেছ উদ্দিনের ছেলে।
ওসি নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, ইউনিয়ন যুবলীগের কর্মী তুলা মিয়া একই গ্রামের বাচ্চু খাঁ নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে হোগলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
“বাজারের পশ্চিম পাশে রশি বেঁধে ব্যারিকেড দিয়ে রাখায় মোটরসাইকেল উল্টে পড়ে। এ সময় কয়েকজন মিলে তুলা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বাচ্চুকে পিটিয়ে আহত করে।”
চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পথে তুলা মিয়া মারা যান বলে ওসি জানান।
এ ঘটনায় উপজেলার নিজহোগলা গ্রামের মোসলেম উদ্দিন (৫৭), আবুল কাসেম (৫৫) ও বাদশা মিয়া (৪৫) নামের তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান ওসি।
তিনি বলেন, দুই বছর আগে নিজহোগলা গ্রামের সুরুজ আলী মীরের ছেলে বুলবুল মীরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তুলা মিয়া।
এ নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে এবং মামলা চলছে জানিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জেরে এ ঘটনা ঘটতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।