ঝিনাইদহ সীমান্তে ভারতে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে ভারতে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ভারতের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান যশোর বিজিবির ২৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।
নিহত রেজাউল ইসলাম (৩০) লেবুতলা গ্রামের মনসুর মণ্ডলের ছেলে।
বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, আট-নয়জন বাংলাদেশি সোমবার রাতে জিরোলাইন পার হয়ে ভারতে ঢোকে।
“কাশিপুর গ্রামের ভারতীয়রা হুক লাগিয়ে লাইন থেকে বিদ্যুৎ নেয়। এ বিদ্যুতের খোলা তারে জড়িয়ে গেলে রেজাউলের মৃত্যু হয়। তার সঙ্গীরা মঙ্গলবার সকালে লাশ দেশে নিয়ে আসে।”
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
