সাত খুন: ৫ পুলিশের সাক্ষ্য-জেরা সম্পন্ন
নারায়ণগঞ্জে সাত খুনের দুই মামলায় পুলিশের পাঁচ সদস্যের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।
সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতের এ সাক্ষ্যগ্রহণ হয়।
সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আগামী ১৬ অগাস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রেখেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম ওয়াজেদ আলী খোকন।
সাত খুনের ঘটনায় যেসব এলাকা থেকে আসামি গ্রেপ্তার করা হয় ওইসব থানায় কর্মরত পাঁচ পুলিশ সদস্য সোমবার সাক্ষ্য দেন ।
এরা হলেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম, এনায়েত হোসেন, কানাই লাল চক্রবর্তী, ও নুরুল আমিন।
পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।
সাক্ষ্য দেওয়া এ পুলিশ সদস্যরা ঘটনার পর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলায় গ্রেপ্তার আসামিদের ঠিকানা ও বিস্তারিত পরিচয় শনাক্তসহ যাবতীয় ব্যক্তিগত তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
পিপি ওয়াজেদ আলী বলেন, এই নিয়ে সাত খুনের দুই মামলায় ১২৭ জন সাক্ষীর মধ্যে ১০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আর ১০ সাক্ষী বিদেশে ও দুই জন মৃত্যুবরণ করেছে।
বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে।
ওই ঘটনায় নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়।
প্রায় এক বছর তদন্ত শেষে ৩৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
