২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হোটেলের খাবারে ৩৯ মাদ্রাসাছাত্র অসুস্থ

গোপালগঞ্জ শহরে হোটেল থেকে আনা খাবার খেয়ে একটি মাদ্রাসার ৩৯ ছাত্র অসুস্থ হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 04:51 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

সোমবার আল জামিয়াতুল মোহম্মাদিয়া কোর্ট মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ঘটনায় পুলিশ রেস্টুরেন্ট মালিক আরিফুল ইসলাম মন্টুসহ পাঁচ জনকে আটক করে এবং পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারদণ্ড দেয়।

ওই মাদ্রাসার শিক্ষক মো. হাফিজুল ইসলাম বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কোমর উদ্দিন খান কেরাত বিভাগের ১২৫ জন শিক্ষার্থীর সকালের খাবারের জন্য খিচুরি ও ডিম শহরের পোস্ট অফিস মোড়ের হোটেল ‘রোমাঞ্চ খাবার ঘর’ থেকে কিনে আনান।

“ওই খাবার প্রথমে ৬০ জন শিশুর মধ্যে পরিবেশন করা হয়। খাওয়ার পরপরই শিশুদের পেটে ব্যথা ও বমি বমি ভাব দেখা দেয়।”

পরে অবশিষ্ট খাবার পরিবেশন বন্ধ করে দেওয়া হয় বলে জানান হাফিজুল।

হাসপাতালে চিকিৎসাধীন হাসিব শেখ (৯), সৌরভ  সিকদার (৮), মিজান শেখ (৯), সিয়াম মল্লিক (৮) ও তামিম মোল্লা জানায়, খিচুরির সঙ্গে যে ডিম দেওয়া হয় তার কুসুম গন্ধ ছিল।

মাদ্রাসার বাংলা বিভোগের শিক্ষক মাহামুদুর  রহমান জানান, খাবার খেয়ে প্রথমে ৫ জন অসুস্থ হয়ে পড়ে। পরে অন্যরাও অসুস্থ হয়। দুপুর পর্যন্ত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসাপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

কোর্ট মসজিদ পরিচালনা কমিটির সদস্য কোমর উদ্দিন খান বলেন, “আমি মাদ্রাসার শিশুদের মাঝেমধ্যে খাবার দেই। সোমবার সকালের খাবার অর্ডার দেই পোস্ট অফিস মোড়ের ‘রোমাঞ্চ খাবার ঘর’ হোটেলে।”

ওই হোটেলের মালিক মো. আরিফুল ইসলাম চৌধুরী (মন্টু) শিশুদের সকালের খাবারের জন্য ১২৫ প্যাকেট ভুনা খিচুরি ও ডিম সরবরাহ করেন বলে জানান তিনি।

জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় শিশুরা অসুস্থ হয়েছে। সে অনুযায়ী আমরা চিকিৎসা দিচ্ছি। প্রথমে পাঁচ শিশু অসুস্থ হয়। পরে অন্যরাও অসুস্থ হয়ে পড়ে।

“বেশিরভাগ শিশুর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।”

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুল আলম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে খাবারের নমুনা সংগ্রহ করেছি। এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকার মহাখালী ল্যাবে পাঠানো হবে। হাসপাতাল ৩৯ জন ভর্তি রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।”

গোপালগঞ্জ সদর থানার  ওসি মো. সেলিম রেজা বলেন, রেস্টুরেন্টের মালিকসহ পাঁচ জনেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার পর তাদের কারগারে পাঠানো হয়েছে।