রাজশাহীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, আহত ৭
রাজশাহীর চারঘাট উপজেলায় একটি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক অটোরিকশার যাত্রীসহ সাত জন আহত হয়েছেন।
অটোরিকশাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি যানবাহন।
সোমবার দুপুরে হলিদাগাছি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন।
আহতদের মধ্যে তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং চার জনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহীগামী উত্তরা একপ্রেস ট্রেন যাওয়ার জন্য হলিদাগাছি রেল ক্রসিংয়ে সিগন্যাল বার নামানো হয়। ওই সময় গেটে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক।
“ট্রাকের ধাক্কায় সিগন্যাল বারের নীচ দিয়ে অটোরিকশাটি রেল লাইনের উপর উঠে যায়। ওই সময় যাত্রীরা দ্রুত নেমে গেলেও ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।”
অটোরিকশা ছিটকে পড়ে একটি মোটরসাইকেল, একটি পিকআপ ও একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়, বলেন ওসি।
ওসি নিবারণ আরও বলেন, এ ঘটনায় সাত জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিমকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে। পরে তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং চার জনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে সিএনজিচালিত অটোরিকশা চালক হাফিজুর রহমান, অটোরিকশার যাত্রী রাজিব ও প্রশান্ত।
