২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ওসির বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

ক্রসফায়ারের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি জিয়াউর রহমানের বিরুদ্ধে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

কুমারখালী উপজেলার তেবাড়িয়া এলাকার বাসিন্দা ও চাল ব্যবসায়ী আশরাফ উদ্দিন রোববার এ অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি বলছেন, এসব তার বিরুদ্ধে যড়যন্ত্র।

ব্যবসায়ী আশরাফ বলেন, “গত ২৭ জুলাই রাতে কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসেন। আমার গুদামে সরকারি চাল আছে কি না জানতে চান। এক পর্যায়ে গুদামে সরকারি কোনো চাল না পেয়ে আমাকে থানায় নিয়ে যান।

“আমাকে মারধর করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৪০ লাখ টাকা দাবি করেন ওসি। রাতেই নগদ ১০ লাখ টাকা এবং ২০ লাখ টাকার একটি চেক দিই ওসি জিয়াউর রহমানকে।”

পরদিন ছাড়া পেয়ে বিষয়টি পুলিশ সুপার ও স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করেন বলে জানান তিনি।

এ বিষয়ে ওসি জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। গেল ইউপি নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের পক্ষে কাজ না করায় আমার বিরুদ্ধে এ যড়যন্ত্র করিয়েছেন তিনি।”

অভিযোগ অস্বীকার করে আব্দুল মান্নান বলেন, ওসির অপকর্মের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ আগামী মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ করবে।

পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, “ওসির বিরুদ্ধে ব্যবসায়ী আশরাফের দেওয়া অভিযোগের তদন্ত চলছে।”১০ লাখ টাকা আদায়ের অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে বলে জানান কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ চৌধুরী।