২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে পিটিয়ে জখম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 01:32 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শনিবার বিকালে এ ঘটনায় আহত মনিরুল আলম রুশোকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুশো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে রুশো অটোবাইকে করে বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছলে ছাত্রলীগকর্মী ফরিদুজ্জামান বাবুর নেতৃত্বে কয়েকজন ‘সন্ত্রাসী’ লাঠিশোটা, রড ও হকিস্টিক নিয়ে তার উপর হামলা করে।

“ওই সময় তারা রুশোকে অকথ্য গালিগালাজ করে এবং এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।”

তার আর্তচিৎকারে লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা চলে যায় বলে জানান আরিফুল।

আরিফুল আরও বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করে কোনো লাভ হয় না, তাই বিষয়টি তাদের জানানো হয়নি। তবে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।”

এ বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত বলেন, “বাবু ছাত্রলীগের কোনো নেতা নয়, তবে সক্রিয় কর্মী। এ ধরনের খবর আমার জানা নেই।”

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বলেন, “আমাকে কেউ এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।”