বেড়া পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে
আইনি জটিলাতার কারণে প্রায় দেড়যুগ পর পাবনার বেড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়া একটানা চলবে বেলা ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে সানিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল রুশদ মতিন বলেন, ভোটারদের প্রকাশ্যে ভোট প্রদানে বাধ্য করার অভিযোগে সানিলা গ্রামের ঠাণ্ডু হোসেন, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম নামের তিন জনকে আটক করা হয়েছে।
“এছাড়া জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে আজিজুল হক নামের আরেকজনকে আটক করেছে পুলিশ। আটক সবাইকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।”
এবারের নির্বাচনে মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দশটি ওয়ার্ডের মোট ভোটার ৩৭ হাজার ১২৮ জন এবং ভোট কেন্দ্র ১৭টি।
বেড়া পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি। এরপর সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে পাল্টাপাল্টি মামলায় এতদিন নির্বাচন হয়নি।
রোববার চতুর্থ ধাপে দেশের আট পৌরসভায় নির্বাচন চলছে, এক পৌরসভায় চলছে মেয়র পদে উপ-নির্বাচন।
এর মধ্যে দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, রংপুরের পীরগঞ্জ, বগুড়ার সোনাতলা, টাঙ্গাইলের ঘাটাইল ও পাবনার বেড়া পৌরসভার ভোটাররা নতুন মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর বেছে নিতে ভোট দিচ্ছেন।
