‘ত্রাণের অভাব নেই’
বন্যা দুর্গত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন।
বুধবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।
বন্যার্তরা ত্রাণ পাচ্ছে না বলে বিএনপির চেয়ারপারসনের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, “বন্যা দুর্গত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের কোনো অভাব নেই। সব ক্ষতিগ্রস্তরা রিলিফ চায় না।”
“যাদের রিলিফ প্রয়োজন, তাদের আমরা দিব। অন্যদের কৃষি ঋণসহ অন্যান্য পুনর্বাসন সহায়তা দেওয়া হবে।”
রৌমারীর ছয় ইউনিয়নের বানভাসিদের মাঝে ১৮৮ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া আরও ১০০ মেট্রিকটন চাল ও নগদ ১০ লাখ টাকা ও নদীভাঙনে গৃহহীনদের জন্য ২০০ বান্ডিল ঢেউটিন ও ছয় লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন মন্ত্রী।
বন্যার পানি নেমে যাওয়ার পর জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।
ত্রাণমন্ত্রী বলেন, বন্যার পানি নেমে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
“যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়ি-ঘর পুনর্নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণসহ অন্যান্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।”
মধ্য অগাস্টে বড় বন্যার পূর্বাভাস রয়েছে উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, “সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের খাদ্যের কোনো অভাব নেই, পর্যাপ্ত চাল ও টাকা রয়েছে। আমরা সেটা দিয়েই বন্যা মোকাবিলা করতে পারব।”
পরে তিনি রৌমারীর বলদমারা ঘাটে বানভাসিদের মধ্যে ২০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব শাহ্ কামাল, মহাপরিচালক রিয়াজ আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার তবারক উল্লাহ, স্থানীয় এমপি রুহুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
