২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যাপ্রবণ এলাকায় বহুতল আশ্রয় কেন্দ্র হবে: ত্রাণমন্ত্রী

বন্যাপ্রবণ এলাকায় বহুতল আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

গাইবান্ধা প্রতিনিধি

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 05:53 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ি মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আগামীতে বন্যায় যাতে একটি মানুষকেও রাস্তায় বা বাঁধে কষ্ট করে থাকতে না হয় সেজন্য বন্যাপ্রবণ এলাকাগুলোতে সুবিধাজনক জায়গায় বহুতল আশ্রয় কেন্দ্র নির্মাণ হবে। পানি নামার সঙ্গে সঙ্গে এ কাজ শুরু করা হবে, যেখানে মানুষ ও গবাদি পশুর থাকার পৃথক ব্যবস্থা থাকবে।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকার প্রতিটি মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা দিবে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণের আগে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী আরও বলেন, বন্যা দুর্গত এলাকার একটি মানুষও খাদ্যাভাবে মারা যাবে না। যাদের বাড়িঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের পরিচালক রিয়াজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম হিরু, পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রমুখ।

পরে মন্ত্রী বাদিয়াখালী ও বোয়ালী ইউনিয়নের বন্যা দুর্গত ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও মোমবাতিসহ ১৪ ধরনের সামগ্রী বিতরণ করেন।

এদিকে মঙ্গলবার ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বন্যা কবলিত সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গাইবান্ধা সদর উপজেলার ৩৩টি ইউনিয়নের ২৩৪টি গ্রামের প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি। এরমধ্যে সরকারি ৯৯টি আশ্রয় কেন্দ্রে মাত্র ১১ হাজার ৪১৭ জন আশ্রয় নিয়েছে। বাকিরা বিভিন্ন বাঁধ এবং উঁচু এলাকায় এবং কেউ কেউ ঘরে মাচা করে বসবাস করছে।