নদীতে ব্যাংকের নৈশ প্রহরীর লাশ
নীলফামারীর ডোমার উপজেলায় দেওনাই নদী থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হরিণচড়া ইউনিয়নের ধরধরাপাড়া ঘাটে আমিনুর রহমানের (৪৫) মৃতদেহ পাওয়া যায়।
আমিনুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মীর্জাগঞ্জ শাখার নৈশ্য প্রহরী এবং ডোমার পৌরশহরের ছোটরাউতা মহল্লার মৃত সামছুদ্দিন আহমেদের ছেলে।
পরিবারের বরাত দিয়ে ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু জানান, শুক্রবার বিকালে আমিনুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
“শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আমিনুরের মৃতদেহ ধরধরার ঘাটে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।”
ওসি জানান, নদী সংলগ্ন শ্মশান ঘাটে তার ব্যবহৃত মোটরসাইকেল, জামা, মোবাইল ফোন এবং ব্যাংকের চাবি পাওয়া গেছে।
নদীতে গোসল করতে গিয়ে ডুবে আমিনুরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
