সিলেটে জামায়াত-শিবিরের ২২ জন আটক
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২২ কর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশব্যাপী চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে জকিগঞ্জে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল।
“রাতভর অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ২২ কর্মীসহ ৩১ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।”
আটক জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ভাংচুর, পুলিশের ওপর হামলা ও নাশকতার চেষ্টাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
