পাবনায় সন্দেহভাজন ৪ যুবক আটক
পাবনার বেড়া উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে সন্দেহভাজন চার যুবককে আটক করেছে র্যাব, পুলিশ ও বিজিবির যৌথদল ।
মঙ্গলবার দিনভর উপজেলার যমুনা নদীর চর কল্যানপুর, চর নাগদহ, চর শ্রীকন্ঠদিয়া ও চর শাফুল্লা এলাকায় এ অভিযান চালানো হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) মো. জাকির হোসেন জানান।
এরা হলেন আলম, আলাউদ্দিন, শরিফ ও মানিক। তবে অভিযানে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।
পুলিশ কর্মকর্তা জাকির বলেন, দুর্গম চরগুলিতে কোনো জঙ্গি সংগঠন ঘাঁটি কিংবা গোপনে তৎপরতা চালাচ্ছে কি না তা যাচাইয়ে এ অভিযান চালানো হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহজনক মনে হওয়ায় ওই চাজনকে আটক করা হয়েছে।”
বহিরাগত ও অচেনাদের আশ্রয় না দিতে এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
