সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
সাভারে হাজিরা বোনাস ও ওভারটাইমের টাকার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত ‘গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেড’ কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষ হয় বলে শিল্প পুলিশের এএসআই মুকুল মোহন কুন্ডু জানান।
কারখানার সুইং অপারেটর কাজল বলেন, বুধবার ১৩০০ শ্রমিককে জুন মাসের বেতন ও ওভারটাইমসহ অন্যান্য ভাতাদি পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ।
“তবে হাজিরা বোনাস ও ওভারটাইমের টাকা কম দেওয়ায় সকালে কারখানার সকল শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।”
তিনি বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় কারখানার অন্তত ৩০ শ্রমিক আহত হন দাবি করেন তিনি।
শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে অভিযোগ করেন কাজল।
এ বিষয়ে এএসআই মুকুল বলে, বেতন-বোনাস কম দেওয়া হয়েছে অভিযোগ তুলে শ্রমিকরা সকালে বিক্ষোভ করে। পরে তারা সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে বলে তিনি জানান।
পরে কর্তৃপক্ষ শনিবার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কাজ না করে বাড়ি চলে যায় বলে জানান শিল্প পুলিশের এ এএসআই।
এ বিষয়ে কারখানা মালিক নজরুল ইসলাম বলেন, সার্ভার সমস্যার কারণে শ্রমিকরা টাকা কম পেয়েছে। তবে শনিবার তাদের বকেয়া পরিশোধ করা হবে।
