জঙ্গি সন্দেহে ‘আটক ছিলেন’ মুন্সীগঞ্জের দুই তরুণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থেকে ‘নিরুদ্দেশ’ হওয়া দুই তরুণকে সন্দেহবশত আটক করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে, যাদের খোঁজ চেয়ে পরিবার থানায় জিডি করেছিল।
টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের কাদের শিকদারের ছেলে আব্দুল ওয়াহিদ (১৮) ও তার বন্ধু ভোলার লালমোহন উপজেলার পারাগঞ্জ গ্রামের আবদুল আলীর ছেলে মো. আনাস (২২) মঙ্গলবার রাতে ফিরেছেন বলে টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকার সাভারের হেমায়েতপুর কওমী মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ থেকে রওনা হয় ওই দুই তরুণ।
“ঢাকার বাবুবাজার মসজিদে জুমার নামাজ পড়ার পর গোয়েন্দা পুলিশ তাদের সন্দেহবশত আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের ছেড়ে দিলে গত রাতে তারা বাড়ি ফিরে আসে।”
এদিকে ওই সময় থেকেই তারা নিখোঁজ জানিয়ে মঙ্গলবার টঙ্গীবাড়ি থানায় জিডি করেন ওয়াহিদের বাবা কাদের শিকদার।
পুলিশকে তিনি বলেন, ছেলে বাবুবাজারের মসজিদে জুমার নামাজ পড়ার পর একবার মোবাইলে তার সঙ্গে কথা হলেও বিকাল থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর রাতে আবার দুই তরুণের ফোন খোলা হলেও তা কেউ ধরেনি বলে জিডিতে জানান কাদের শিকদার।
টঙ্গীবাড়ির ওসি আলমগীর হোসেন জানান, জিডি হওয়ার পর তারা খোঁজখবর নেওয়া শুরু করেন। এরই মধ্যে মঙ্গলবার রাতে দুই তরুণ মুন্সীগঞ্জে ফিরে আসেন।
