২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘ভুল’ চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

ঢাকার সাভারে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি ক্লিনিক ভাংচুরের চেষ্টা চালিয়েছে স্বজনরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 03:59 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, সোমবার রাতে সাভার থানা রোডে মুক্তি ক্লিনিক অ্যন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওটি বয় আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে।

মৃত মিতু আক্তার (২৭) সাভারের বিরুলিয়া এলাকার মো. আসাদ উল্লাহর স্ত্রী।

আসাদ উল্লাহ বলেন, শনিবার বিকালে মিতু বুকে ব্যথা অনুভব করলে তাকে মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। তখন ওই ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকরা মিতুর পিত্তথলিতে পাথর হয়েছে তা অপারেশন করতে হবে বলে জানান।

“সোমবার রাতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসক কাজী সোহেল ইকবাল কাউকে কিছু না বলেই তড়িঘড়ি করে ক্লিনিক থেকে বেরিয়ে যান। তখন সন্দেহ হলে অপারেশন থিয়েটারে ঢুকে মিতুর মৃতদেহ পড়ে থাকতে দেখি।”

এসআই লুৎফর বলেন, ভুল চিকিৎসায় মিতুর মৃত্যু হয়েছে অভিযোগ তুললে ক্লিনিক কর্তৃপক্ষ ভয়ে পালিয়ে যায়। তখন স্বজনরা ক্লিনিকে ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওটি বয় আবুল কালাম আজাদকে আটক করে।

বিষয়টি তদন্ত করে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ক্লিনিক কর্তপক্ষের সঙ্গে যোগাযাগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।