২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাস গ্যাসের নতুন কূপ খনন উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস গ্যাস ফিল্ডের নতুন একটি কূপের খনন কাজ উদ্বোধন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 06:29 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতায় সোমবার ২৪ নম্বর কূপের খনন কাজ উদ্বোধন করা হয় বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান জানান।

কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ৯০৯ কোটি টাকা ব্যায়ে তিতাস গ্যাস ফিল্ডের চারটি কূপ (২৩, ২৪, ২৫ ও ২৬) খনন করা হচ্ছে। ইতোমধ্যে ২৫ ও ২৬ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে।

২৪ নম্বর কূপের খনন কাজ করছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন। প্রতিটি কূপের জন্য ১৭০ থেকে ১৮০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে জানান তিনি।  

তিনি আরও বলেন, খনন সম্পন্ন হওয়া দুটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘটফুট গ্যাস সরবরাহ করা যাবে। বাকি দুটি কূপের খনন কাজ আগামী বছরের জানুয়ারি মাসে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

“খনন শেষ হলে ২৪ নম্বর কূপ থেকে ২৫ মিলিয়নসহ চারটি কূপ থেকে দৈনিক প্রায় ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।”

বিজিএফসিএল প্রতিদিন সর্বোচ্চ ৮৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎাদন করছে, যা দেশের মোট গ্যাস উৎপাদনের শতকরা ৩০ ভাগ বলে জানান তিনি।

অনুষ্ঠানে ২৪ নম্বর কূপের প্রকল্প পরিচালক আলী মোর্তজা মোক্তাদের, বিজিএফসিএল এর মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, আহমেদ হোসেন ও কোম্পানি সচিব মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।