জাজিরায় হাসপাতালে রোগী ‘ধর্ষিত’
শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীকে ধর্ষণের অভিযোগ পওয়া গেছে।
উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারের ‘দালাল’ রাসেল মুন্সির বিরুদ্ধে শুক্রবারের এ ঘটনায় জাজিরা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি মো. নজরুল ইসলাম।
রোগীর মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাড়ি ঢাকায়। তিনি তার মেয়েকে নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের একটি গ্রামে আত্মীয় বাড়ি বেড়াতে যান।
এ সময় মেয়েটি অসুস্থ হলে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে তিনি জানান।
মায়ের অভিযোগ, বুধবার তার মেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর থেকে রাসেল তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেন।
“শুক্রবার সকালে রাসেল মোবাইলে ফোন করে ডেকে হাসপাতালের নতুন ভবনের দোতলায় নিয়ে যায়। সেখান থেকে তাকে মুখ চেপে ধরে টয়লেটে নিয়ে ধর্ষণ করে।”
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনির আহম্মেদ খান বলেন, “ধর্ষণের মামলা হওয়ার পর বিষয়টি আমি শুনেছি। পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।”
ওসি নজরুল বলছেন, মামলার পর থেকেই আসামি ধরার চেষ্টা অব্যাহত আছে।
