২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিজারের সময় গৃহবধূর মৃত্যু, হাসপাতাল ভাংচুর

মুন্সীগঞ্জে ‘সময়ের আগে সিজারে’ এক নারীর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ভাংচুর চালিয়েছে স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 09:58 PM

Updated : 20 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার নাদিয়া কবির (২২) নামে ওই নারীর মৃত্যুর পর টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভাংচুরের ঘটনা ঘটে বলে হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ বিকাশ চন্দ্র সরকার জানান।

নাদিয়া সদর উপজেলার রামপালের সুয়াপাড়া গ্রামের কবির হোসেনের স্ত্রী।

নাদিয়ার স্বজনদের ভাষ্য, সকালে অসুস্থ বোধ করায় টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে নাদিয়ার সিজারের পরামর্শ দেন। পরে দুপুর ১টার দিকে হাসপাতালের গাইনি চিকিৎসক নাজ চৌধুরী তার সিজার করেন।

বেলা সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে নাদিয়াকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তারা।

নাদিয়ার ভাই মো. রিপন মুজবুর রহমান বলেন, “আগামী ২১ জুলাই নাদিয়ার ডেলিভারির  তারিখ ছিল।কিন্তু হাসপাতালের লোকজন টাকার লোভে সময়ের আগেই তাড়াহুড়ো করে সিজার করায় নাদিয়ার মৃত্যু হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার চিকিৎসক নাজ চৌধুরী বলেন, “এটা নাদিয়ার দ্বিতীয় সন্তান।  প্রথম বারও আমাকে দিয়ে সিজার করিয়েছেন তিনি। এবারও আমাকে সিজার করতে অনুরোধ করেন।

“আমার অপারেশন ঠিকমতই হয়েছে। তার নবজাতকও ভালো আছে।”

নাদিয়ার মুখের চুইংগাম থাকায় শ্বাসনালী বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করে তিনি। 

এসআই বিকাশ জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবরে হাসপাতালে ভাংচুর করা হচ্ছে এমন খবরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নতুন কোনো সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতয়েন করা হয়েছে।

নাদিয়ার লাশ তার স্বজনেরা নিয়ে গেছে বলে জানান তিনি।