যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
যশোর সদরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই–বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিরাজসিংহা গ্রামে এ ঘটনা ঘটে বলে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান।
এরা হলেন ওই এলাকার আকবর বিশ্বাসের ছেলে তোরাব বিশ্বাস (৪০) ও মেয়ে সাবিনা (৩৫)।
তোরাবের চাচাত বোন রেকসোনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে তোরাব গোসল করে ঘরের টিনে কাপড় শুকাতে দিচ্ছিল। এ সময় সেখানে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে গেলে সাবিনা তাকে সরাতে গেলে দুজনেই বিদ্যুতায়িত হয়।
“তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পথে মৃত্যু হয়।”
আবদুর রশিদ বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
