যুক্তরাজ্য থেকে আসা যাত্রীর ব্যাগে গুলি, হিথ্রো কর্তৃপক্ষকে ফোন
যুক্তরাজ্য থেকে আসা এক যাত্রী শটগানের গুলি নিয়ে কীভাবে হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করেছে তা জানতে চেয়ে ওই বিমানবন্দর কর্তৃপক্ষকে ফোন করেছে সিলেট কাস্টমস।
সোমবার দুপুরে সিলেট বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার একেএম নুরুজ্জামান এ তথ্য জানান।
গত ৪ জুন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে আসা বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক আব্দুস সবুরের ব্যাগ থেকে ১৫০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
কাস্টমস কর্মকর্তা নুরুজ্জামান বলেন, “যুক্তরাজ্য যেখানে আমাদের দেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে সেখানে তাদের বিমানবন্দরের নিরাপত্তা ভেদ করে ১৫০ রাউন্ড শটগানের গুলি কীভাবে বাংলাদেশে আসল বিষয়টি প্রশ্নের উদ্রেক করে।
“সে বিষয়টি জানতে ই-মেইল ও ফোন করে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।দু-একদিনের মধ্যে লিখিতভাবে জানানো হবে।”
