২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘জেএমবি’ আটক, বোমা উদ্ধার

পুলিশের বিশেষ অভিযানে রাজশাহীতে সন্দেহভাজন এক জেএমবি সদস্যসহ ১০৩ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 01:36 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

পরে ওই ‘জেএমবি’ সদস্যের দেখানো স্থান থেকে হাতবোমা ও পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর চার থানা ও জেলার নয় উপজেলায় অভিযান চালোনো হয়।

রাজশাহীর এসপি নিসারুল আরিফ বলেন, রোববার গভীর রাতে বাগমারার গুনিয়াডাঙ্গায় অভিযান চালিয়ে জেএমবি সদস্য গোলাম কিবরিয় বাবুকে আটক করা হয়।

“সোমবার বেলা ১১টার দিকে বাবুকে নিয়ে ঝিকড়া বাজারে অভিযান চালিয়ে চারটি হাতবোমা ও দুইটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।”

এছাড়া জেলার নয় উপজেলায় বিভিন্ন এলাকা থেকে আরও ৫৩ জনকে আটক করা হয় বলে জানান তিনি।

মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, মহানগরীর চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ২৩ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানান তিনি।

সম্প্রতি নাটোরে খ্রিস্টান ক্ষুদ্র ব্যবসায়ী, ঝিনাইদহে হিন্দু পুরোহিত ও চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার পর সারাদেশে সাঁড়াশি অভিযানের ঘোষণা দেয় পুলিশ। ঘোষণার পরই পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের সেবককে হত্যা করা হয়।

শুক্রবার শুরু হওয়া অভিযানে সারাদেশে এ পর্যন্ত কয়েকহাজার ব্যক্তিকে আটক করা হয়েছে।