পাবনায় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
পাবনার কাশিনাথপুর বাজারে বোমা বিষ্ফোরণ ঘটিয়ে তিনটি স্বর্ণের দোকানে লুটপাট চালিয়েছে একদল ডাকাত।
শুক্রবার রাতে এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে বাজারের বেশিরভাগ লোক তারাবি নামাজ পড়ার সময় ৮/১০ জনের একটি দল সোনা পট্টিতে প্রবেশ করে।
“ওই সময় সন্ত্রাসীরা কয়েকটি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে বাজারে আতংক সৃষ্টি করে এবং মক্কা জুয়েলার্সসহ পাশের আরও দুটি স্বর্ণের দোকানে লুটপাট চালায়।”
বোমার স্প্লিন্টারের আঘাতে মক্কা জুয়েলার্সের স্বত্বাধিকারী হাজী সাইফুল ইসলামসহ অন্তত পাঁচজন আহত হন বলে জানান তিনি।
এএসপি জাকির বলেন, তাৎক্ষণিকভাবে লুটপাট হওয়া স্বর্ণের মূল্য জানা যায়নি। ব্যবসায়ীদের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাশিনাথপুর বাজারের বাসিন্দা ফজলুল হক বলেন, শুধুমাত্র মক্কা জুয়েলার্স থেকেই প্রায় অর্ধ লক্ষাধিক টাকার স্বর্ণ নিয়ে গেছে ডাকাতদল।
