সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি আটক
সিলেটে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি মিতসুবিশি জিপ আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বুধবার ভোরে হবিগঞ্জ কোর্ট এলাকা থেকে গাড়িটি আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তররের মহাপরিচালক মইনুল খান জানান।
মইনুল খান সাংবাদিকদের বলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লোগাঁও গ্রামে একটি বাড়িতে শুল্ক ফাঁকি দিয়ে আনা চারটি গাড়ি রয়েছে এমন গোপন সংবাদে সেখনে অভিযান চালানো হয়।
“অভিযানের খবর পেয়ে বাড়ির লোকজন গাড়ি সরিয়ে ফেলে। পরে কোর্ট এলাকা খেকে মিতসুবিশি ব্র্যান্ডের একটি গাড়ি উদ্ধার করা হয়।”
আটককৃত গাড়ির মূল্য দুই কোটি টাকা। এ ঘটনায় মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মইনুল বলেন, সারাদেশে এ পর্যন্ত শুল্ক ফাঁকি দিয়ে আনা ২০টি গাড়ি আটক করা হয়েছে। দেশে এ ধরনের আরও শতাধিক গাড়ি চলাচল করছে।
এ সব গাড়ি আটক করতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কাজ করছে বলে জানান তিনি।
