চা বাগানে দেয়াল ধসে শিশুর মৃত্যু, ম্যানেজারের বাংলোয় হামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বাগানের সহকারী ম্যানেজারের বাংলোয় হামলা চালিয়েছে।
সোমবার সকালে এ হামলায় ভুড়বুড়িয়া চা বাগানের সহকারী ম্যানেজারসহ পাঁচজন আহত হয়েছেন। ওই সময় তারা বাংলোর আসবাবপত্র ও তার এক কর্মচারীর মোটরসাইকেল ভাংচুর করে।
আহতদের মধ্যে চা বাগানের সহকারী ম্যানেজার মো. শফিক আহমদ, বাগানের কর্মচারী জোবের আহমদ রয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের পরিচয় জানা যায়নি। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দেয়াল ধসে নিহত জিত মোদী (৯) চা শ্রমিক গণেশ মোদীর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। ঘটনার পর পরিস্থিতি শান্ত হলেও সোমবার কোনো শ্রমিক কাজে যোগ দেয়নি।
চা বাগানের বাসিন্দা ও কালিঘটা ইউনিয়ন পরিষদের সদস্য শাওন বলেন, রোববার রাতে প্রাকৃতিক কাজ সারতে বাড়ির পাশের সীমানা প্রাচীরের পাশে যায় জিত মোদী। এ সময় প্রাচীরের উপরের অংশ ভেঙ্গে পড়লে সে গুরুতর আহত হয়।
“রাতেই তার বাড়ির লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ভোরে তার মৃত্যু হয়।”
বাগানের ডিজিএম শিবলী জানান, জিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ চা শ্রমিকরা বাগানের সহকারী ম্যানেজারের বাংলোয় হামলা চালিয়ে আসবাবপত্র ও তার এক কর্মচারীর মোটরসাইকেল ভাংচুর করে।
এ ঘটনায় সহকারী ম্যানেজারসহ পাঁচজন আহতের খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তিনি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান শিবলী।
তিনি বলেন, দুর্ঘটনার পর জিতের পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। এ মুহূর্তে পরিস্থিতি শান্ত হলেও কোনো শ্রমিক কাজে যোগ দেয়নি।
চা বাগানের শ্রমিক নির্মল রিকিয়াসন বলেন, বাগানের সীমানা প্রাচীর তৈরির সময় উপরের অংশে রড ব্যবহার না করায় শ্রমিকেরা প্রতিবাদ জানিয়েছিল।
“বাগান কর্তৃপক্ষ সে নিষেধ উপেক্ষা করেই দেয়াল তৈরি করে। দেয়ালের সামনে দিয়ে কোনো বড় যানবাহন গেলে দেয়াল কেঁপে উঠত। ”
এ বিষয়ে তারা বেশ কয়েকবার বাগান কর্তৃপক্ষকে জানালেও তার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ নির্মলের।
শ্রীমঙ্গল থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরবর্তীতে পরিস্থিতির অবনতি এড়াতে ঘটনাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।
