সোনাগাজীতে ভোটের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি ৬০০
ফেনীর সোনাগাজীতে নির্বাচনী সহিংসতায় এক যুবক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
রোববার দুপুরে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, সহিংসতার ঘটনায় শনিবার রাতে দুটি মামলা হয়েছে।
এর মধ্যে সংঘর্ষে নিহত নুর হোসেন শিপনের বাবা আবদুল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ২৫০- ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া পুলিশের উপর হামলা ও পুলিশের কাজে বাধাদানের ঘটনায় সোনাগাজী মডেল থানা এসআই সাফিউল বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। ওই মামলায়ও সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
আটক একজনকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ দফায় ফেনীর সোনাগাজীর চরচান্দিায়া ইউনিয়নের চর ভৈরব হাজি তোফায়েল আহম্মেদ জুনিয়র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা কেন্দ্র দখলের চেষ্টা ও ব্যালট বাক্স ছিনতাই এবং নির্বাচনী সরঞ্জাম ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়লে ঘটনাস্থলেই নুর হোসেন শিপন নিহত হন।
গুলিবিদ্ধ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাত সদস্যসহ ১২ জন।
