২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পক্ষপাতিত্বের অভিযোগে গাইবান্ধায় আ. লীগ প্রার্থীর ভোট বর্জন

প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2016, 08:56 PM

Updated : 20 Aug 2022, 12:49 PM

পঞ্চম দফার ভোটের দিন শনিবার বেলা ২টার দিকে আওয়ামী লীগ প্রার্থী শাহানা আকতার নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।

শাহানার স্বামী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন ফকু বলেন, প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে তার স্ত্রী ভোট বর্জন করেছেন।

তবে কেন্দ্রে ঢুকে ‘ব্যালট ছিনতাই করে সিল মারতে ব্যর্থ’ হওয়ার পর আওয়ামী লীগ এ প্রার্থী ভোট বর্জনের এ ঘোষণা দেন বলে দাবি করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম।

ফেরদৌস আলম বলেন, “সকালে শালমারার জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকরা প্রবেশ করে। পরে ব্যালট, বাক্স ছিনতাই করে সিল মারার চেষ্টা করে। এসময় পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

“বেলা ১টার দিকে হিয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রতেও একই কায়দায় সিল মারার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা ব্যর্থ করে দেয়।”

পরে ওই দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এর পরপর বেলা ২টায় আওয়ামী লীগ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন বলে এ নির্বাচন কর্মকর্তা জানান।