২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী হোস্টেলে হামলার চেষ্টা, ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেত্রী

রাজশাহী কলেজে এক আবাসিক ছাত্রীকে পিটিয়ে আহত করার পর বিষয়টির জের ধরে ছাত্রী হোস্টেলে বহিরাগতদের হামলা চেষ্টার ঘটনায় ক্ষমা চেয়েছেন ছাত্রলীগ নেত্রী শাবানা খাতুন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2016, 01:40 AM

Updated : 20 Aug 2022, 12:49 PM

কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ফারুক চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে ওই ছাত্রলীগ নেত্রী আহত ছাত্রী সাবিনা আক্তারের কাছে ক্ষমা চেয়েছেন।

“তবে কলেজ অধ্যক্ষ রাজশাহীর বাইরে থাকায় মারধর ও ছাত্রী নিবাসে হামলার চেষ্টার কারণে ওই ছাত্রীকে বহিষ্কারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।”

রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছাত্রী হোস্টেলের ২০১ নম্বর কক্ষে মনোবিজ্ঞান শেষবর্ষের ছাত্রী সাবিনা ছাত্রলীগ নেত্রী শাবানকে শব্দ করে গান শুনতে বারণ করেন। এর জের ধরে ছাত্রলীগের সাত থেকে আটজন নেত্রী সাবিনাকে মারধর করে তার ডান হাতের আঙুল মুচড়ে দেয়।

এনিয়ে হোস্টেল ছাত্রীরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে বিচার দাবি করলে রাত ১০টার দিকে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীরা হোস্টেল ঢুকে সাবিনাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এসময় তারা হোস্টেলের মেইন গেটে ভাঙচুর করে।

উপাধ্যক্ষ ফারুক বলেন, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত শিক্ষকরা হোস্টেল শিক্ষার্থীদের নিয়ে মীমাংসায় বসেন। এ সময় আহত ছাত্রীর কাছে ক্ষমা চাওয়া সিদ্ধান্ত দেওয়া হলে তার কাছে ক্ষমা চায় ছাত্রলীগ নেত্রী শাবানা।

তবে হোস্টেল ছাত্রীরা শুধু ক্ষমা চাওয়ার মীমাংসা মেনে নেয়নি জানিয়ে এই অধ্যাপক বলেন, “যেহেতু ওই ছাত্রলীগ নেত্রী বড়দের মারধর করেছে, তাই তাকে হোস্টেল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছে।

“এছাড়াও ছাত্রী হোস্টেলে বহিরাগত প্রবেশের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রীরা।”

তিনি আরও বলেন, “ছাত্রী হোস্টেলে বহিরাগত কেউ প্রবেশ করেনি। তবে তারা ছাত্রী হোস্টেলের গেটে ধাক্কাধাক্কি করে, পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।”

হোস্টেলের ভিতরে সামান্য ভাঙচুরের ঘটনা ছাত্রীরাই ঘটিয়েছেন বলেও দাবি করেন কলেজ উপাধ্যক্ষ।

ঘটনার খবর পেয়ে রাতেই হোস্টেলে পুলিশ মোতায়ন করা হয়েছিল জানিয়ে বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, কলেজ বা ছাত্রীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

অভিযোগ হলে হোস্টেলে হামলার চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।