২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নিজ বাড়িতে প্রতিবন্ধী নারীর লাশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সিঁড়িতে পড়ে থাকা এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 10:16 AM

Updated : 20 Aug 2022, 12:49 PM

নিহত লাকি আক্তারের (৩২) পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী এক নারী লাকিকে ডাকাডাকি করে না পেয়ে স্থানীয়দের জানান।

“পরে তারা মই দিয়ে প্রাচীর টপকে ভিতরে ঢুকে ঘরের সিঁড়িতে লাকির লাশ পড়ে থাকতে দেখেন।”

পারিবারিক সম্পত্তির বিরোধে দাম্পত্য কলহ শুরুর একপর্যায়ে লাকিকে হত্যার অভিযোগ করেছেন তার বাবা আক্তার হোসেন।

তিনি বলেন, পাঁচ বছর আগে মোতাহার হোসেনের সাথে লাকির বিয়ে হয়। এ সময় লাকির দাদা লাকির নামে কিছু জমি দিতে চাইলে মোতাহার তা কৌশলে নিজের নামে নিবন্ধন করেন।

“প্রায় এক বছর আগে মোতাহার দ্বিতীয় বিয়ে করে টঙ্গীতে বসবাস করছে। তবে মাঝেমধ্যে দুর্বাটি আসে। সম্প্রতি মোতাহার ওই জমি বেচতে চাইলে লাকি বাধা দেয়।”

জমি বেচতে বাধা দেওয়ায় লাকিকে হত্যা করা হয়েছে বলে বাবার অভিযোগ।

লাকি ঠিকমতো হাঁটতে পারেন না বলে তিনি জানিয়েছেন।

ওসি আলম বলেন, লাকি শ্বাসকষ্টে ভুগছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লাশ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।