২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

রংপুর শহরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।    

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 08:26 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার দুপুরে শহরের মাহিগঞ্জ সাতমাথায় এ দুর্ঘটনা ঘটে বলে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আফওয়াজুল ইসলাম জানান।

নিহত হাসানুর রহমান হাসু শহরের রাধাবল্লভ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এ ঘটনায় আহত ওই কলেজ শাখার সদস্য জয়ন্ত কুমারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ৩টার দিকে হাসানুর ও জয়ন্ত কাউনিয়া থেকে মোটর সাইকেলে করে শহরে ফিরছিলেন। পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তারা আহত হন।

“তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টায় হাসানুরের মৃত্যু হয়।”

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ বলেন, বুকে আঘাতের কারণে হাসানুরের মৃত্যু হয়েছে। আর জয়ন্ত কুমারের পা ভেঙ্গে গেছে।

জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হাসানুরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান।