মুক্তিযোদ্ধা সাংবাদিক সেলিম আর নেই
মুক্তিযুদ্ধে আহত কুমিল্লার প্রবীণ সাংবাদিক মো. শহিদুল হক সেলিম আর নেই।
সোমবার রাত ১০টা ৫৮ মিনিটে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
সেলিম কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক শ্রমিক পত্রিকার সম্পাদক ছিলেন।
তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।
পরিবারের সদস্যরা জানান, গত কয়েক বছর যাবত তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর আগে জন্ডিসেও আক্রান্ত হন।
তার মৃত্যুর সংবাদ শুনে কুমিল্লা প্রেস ক্লাব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিসহ সমাজের নানা শ্রেণির মানুষ তার বাড়িতে ছুটে যান।
মঙ্গলবার সকাল ৯টায় প্রথম জানাজা হয় ধর্মসাগর পশ্চিম পাড় জামে মসজিদ প্রাঙ্গণে। সাড়ে ৯টায় কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হয়। সেখানে তাকে নানা শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে কুমিল্লা টাউন হল মাঠে হয় তৃতীয় নামাজের জানাজা। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে জন্মস্থান আদর্শ সদর উপজেলার হরিপুরে আবার জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
