খুলনায় জুটমিল শ্রমিকদের সড়ক অবরোধ
খুলনায় বকেয়া বেতন-ভাতা ও বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করল বন্ধ থাকা অ্যাজাক্স জুটমিলের শ্রমিকরা।
মঙ্গলবার নগরীর মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলে খুলনা-যশোর সড়কে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয় বলে জানান অ্যাজাক্স সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার সিকদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালে মিল বন্ধ হয়ে যাওয়ায় স্থায়ী ও অস্থায়ী দেড় হাজার শ্রমিক বেকার জীবনযাপন করছে।
“মিলের বিদ্যুৎ লাইনও কেটে দেওয়া হয়েছে।”
এ কারণে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।
খানজাহান আলী থানার ওসি আশরাফুল আলম বলেন, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
টানা তিন ঘণ্টার অবরোধে খুলনা-যশোর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন বলে জানান তিনি।
