২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামদা হাতে ভোটের দাবি

গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নে নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 11:24 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

সোমবার ফজলুপুরের খাটিয়ামারি বাজারে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভে অংশ নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ সময় সমাবেশে অন্যদের মধ্যে এ ইউপির কয়েকজন সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার আলী, সহ-সভাপতি গাজিউর রহমান ও সাধরণ সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য দেন।

তাদের অভিযোগ চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল ও তার পরিষদের কয়েকজন সদস্য ক্ষমতায় থাকার জন্য সীমানা নির্ধারণের মামলা করায় তফসিল হয়নি।

ফজলুপুর ইউনিয়ন ছাড়া ফুলছড়ির অন্য ছয়টি ইউপিতে নির্বাচনের তফসিল গত ২৮ এপ্রিল ঘোষণা করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি সদস্য হাসমত আলী ও আব্দুর রহিমের বাড়িতে এবং রোববার রাতে ইউপি চেয়ারম্যানের বাড়িতেও হামলা হয় বলে খবর পাওয়া গেছে।

ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল জানান, তাদের ইউনিয়নের ২নং ওর্য়াডের চৌমহন ও টানাঘাট, ৩নং ওর্য়াডের মনোহরপুর এবং ৪নং ওয়ার্ডের কৃষ্ণমনি, নিশ্চিতাপুর ও হেলেঞ্চা গ্রাম যমুনা নদীতে বিলীন হয়ে যায়।

এতে ইউনিয়নের সীমানা পুনরায় নির্ধারণের আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করার জন্য গত বছরের মে মাসে তার ভাই তারা মিয়া উচ্চ আদালতে মামলা করেন।

এ কারণে তার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার অভিযোগ তুলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান চেয়ারম্যান।

এ অবস্থায় এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা।

এদিকে, কেন তফসিল ঘোষণা করা হয়নি- তা না জানার দাবি জানিয়েছেন ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ।

তবে, নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, পুনরায় সীমানা নির্ধারণ, আইনি জটিলতা ও মেয়াদ শেষ না হওয়ায় ২৫০টির বেশি ইউপিতে তফসিল ঘোষণা করা হয়নি।

“এসব বাধা দূর হলে আমরা নির্বাচন কমিশনে তফসিল ঘোষণার বিষয়টি উপস্থাপন করব।”