২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে নির্বাচনী সহিংসতায় আহত ৬

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলার তিনটি ইউনিয়নে সহিংসতায় অন্তত ছয়জন আহত হয়েছে। 

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 09:57 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, সোমবার মতিগঞ্জ ও বগাদনা ইউনিয়নে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি প্রার্থী আমিন উদ্দিন দোলনের অভিযোগ, ভোরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান বাবুর সমর্থকরা তার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ করে ও গোয়াল ঘরে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, হামলাকারীরা তার বাড়ির কলাপসিবল গেইটে তালা ঝুলিয়ে দেয়। তখন ঘরে তার মা ছাড়া অন্য কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিশ তালা ভেঙ্গে তার মাকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে বাবুর মোবাইলে ফোন দেওয়া হলে তাকে পাওয়া যায়নি। 

এদিকে বগাদানা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিন ও তার সমর্থকদের হামলায় আরেক প্রার্থী মহি উদ্দিন ও তার পাঁচ সমর্থক আহত হয়েছেন।

বগাদানা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইসহাক খোকন জানান, সোমবার দুপুরে ইউনিয়নের কাজীর হাট গ্রামীণ টাওয়ারের সামনে হেলাল উদ্দিন ও তার সমর্থকরা তার ও মহি উদ্দিনের যৌথ অফিস দখল করতে আসে। এ সময় মহি উদ্দিন ও তার সমর্থকরা বাধা দিলে হেলাল উদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

এতে মহি উদ্দিন, তার ভাই আলা উদ্দিন, ইমান আলী, হক সাহাব, সোহাগ এবং ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুমনসহ ছয়জন আহত হয়।

তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া রোববার রাতে বগাদনা ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম জহিরের নির্বাচনী প্রচারে এবং দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বিএনপি প্রার্থী নাছির উদ্দিনের ওপর আওয়ামী লীগের সমর্থিত চেয়াম্যান প্রার্থীর সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোনাগাজী মডেল থানা ওসি হুমায়ুন কবীর জানান, নবাবপুর ইউনিয়নে জহিরুল আলম জহিরের নির্বাচনী প্রচারের সময় মাইক ভাংচুরের ঘটনায় মামলা হলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিল ভূঞা রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।

মতিগঞ্জে হাতবোমা হামলা ও গোয়াল ঘরে আগুনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন বলেও জানান তিনি।