ওপারে ৩ বাংলাদেশি শিশু আটক
ফেনীর ফুলগাজী উপজেলার গিতাবাড়িয়া সীমান্তের ওপারে তিন বাংলাদেশি শিশুকে আটক করেছে বিএসএফ।
সোমবার দুপুরে ফুলগাজীর মুন্সীর হাট ইউনিয়নের দক্ষিণ কামাল্লা সীমান্তে ভারতীয় অংশ থেকে তাদের আটক করে বলে ফেনী ৪ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শামীম ইফতেখার জানান।
এরা হল উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের কমুয়া এলাকার নোমান আলী (৯), নাজিম উদ্দিন (১০) ও বিটু আহম্মেদ (৯)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবি কর্মকর্তা বলেন, সোমবার দুপুরে ওই তিন শিশু ভুল করে ২১৩১ পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফের সদস্যরা তাদের আটক করে। খবর পেয়ে তাদের স্বজনরা বিজিবির গীতাবাড়িয়া সীমান্ত ফাঁড়িতে জানায়।
খবর পেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রাতের মধ্যে পতাকা বৈঠক করে শিশুদের ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
