বেড়ায় শিশু ‘ধর্ষণের’ পর হত্যা, আটক ১
পাবনার বেড়া উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণের’ পর হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে চায়না খাতুনের লাশ উদ্ধার ও মনিরুল ইসলামকে (২০) আটক করা হয় বলে বেড়া থানার ওসি ফিরোজ আহমেদ জানান।
চায়না পেঁচাকোলা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও পেঁচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চায়না খাতুন রোববার বিকালে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
“সোমবার সকালে নদীর ধারে তার কাপড় ও কাছে একটি তিলক্ষেতে লাশ দেখতে পায় স্থানীয়রা।”
এ ঘটনায় একই গ্রামের টিয়া আলমের ছেলে মনিরুলকে একমাত্র আসামি দেখিয়ে চায়নার বাবা রফিকুল ইসলাম মামলা করেছেন বলে তিনি জানান।
এএসপি (বেড়া সার্কেল) জাকির হোসাইন বলেন, স্থানীয় জেলেরা রোববার বিকালে মনিরুলকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছে।
মনিরুলকে জিজ্ঞাসাবাদসহ তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
