নীলফামারীতে ৪ ‘জেএমবি’ আটক
নীলফামারীর তিন উপজেলা থেকে জেএমবি সন্দেহে চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নীলফামারী ডিবি পুলিশের ওসি বাবুল আকতার বলেন, শনিবার রাতে নীলফামারী ডিমলা, ডোমার ও জলঢাকা উপজেলায় অভিযান চালিয়ে এ চার ‘জেএমবি’ সদস্যকে আটক করা হয়।
রোববার তাদের নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়।
আদালত তাদে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান বাবুল আকতার।
আটকরা হলেন, জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আলতাব হোসেনের ছেলে বজলুর রহমান ওরফে বজলু (৩০), গোলমুন্ডা ঘাটেরপাড়ের মৃত আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৭), ডোমারের ভোগডাবুড়ি ইউনিয়নের পাটোয়ারী পাড়ার বজলুর রশীদের ছেলে সাইফুর রহমান (৩৭) এবং ডিমলার সোনাখুলি চাপানীহাটের আব্দুল কাইয়ুমের ছেলে মো. মীর কাশেম (৩০)।
নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, দুই মাসের ব্যবধানে নীলফামারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১০ জনকে আটক করা হয়েছে।
“আটক সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য। এরা জেলায় মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনার সাথে জড়িত।”
এসপি বলেন, এদের মধ্যে তরিকুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২০১৫ সালের ৯ অগাস্ট জলঢাকার গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
