হাসপাতালে জামাতার লাশ রেখে শাশুড়ির পলায়ন
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রিকশাচালকের লাশ রেখে তার শাশুড়ি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার দুপুর ২টার দিকে সাইফুলের মৃতদেহ উদ্ধার করা হয় বলে ধুনট থানার এসআই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সাইফুল সারিয়াকান্দি উপজেলার পাইকড়তলি-দড়িপাড়া গ্রামের সুরুতজামান সরকারের ছেলে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহম্মেদ আব্দুল্লাহ জামি বলেন, বুধবার দুপুরের দিকে জোড়শিমুল গ্রামের গোলাম গফুরের স্ত্রী শিরি খাতুন তার মেয়ে জামাই সাইফুল ইসলামকে অচেতন অবস্থায় নিয়ে আসেন।
“সাইফুল বিষ পান করেছেন বলে শিরি জানান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হলে তিনি কৌশলে পালিয়ে যান।”
বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেওয়া হয় বলে জানান তিনি।
নিহত সাইফুলের ছোট ভাই ট্রাকচালক সাইদুল ইসলাম বলেন, প্রথম স্ত্রী বিউটি ও দুই মেয়ে রেখে প্রায় দুই বছর আগে সাইফুল জোড়শিমুল গ্রামের গোলাম গফুরের মেয়ে মঞ্জিলা খাতুনকে বিয়ে করেন।
“বিয়ের পর তারা ঢাকায় চলে যায়। পাঁচ দিন আগে মঞ্জিলা বাবার বাড়ি ফিরে আসে। বুধবার সকালের দিকে সাইফুলও শ্বশুরবাড়ি আসে বলে শুনেছি।”
এসআই আনোয়ার বলেন, থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
