২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নিতে থাইল্যান্ডে ‘সাস্ট ডাউন টু দ্য ওয়্যার’

কম্পিউটার প্রোগ্রামিংয়ের বৈশ্বিক প্রতিযোগিতা এসিএম আইসিপিসির- ২০১৬ এর চূড়ান্ত পর্বে অংশ নিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ডাউন টু দ্য ওয়্যার’ দল থাইল্যান্ডে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 01:02 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রস্তুত ও বিক্রয়কারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইবিএমের পৃষ্ঠপোষকতায় এবার আইসিপিসির ৪০তম আসর থাইল্যান্ডের ফুকেটের প্রিন্স অব সংক্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

এসিএম আইসিপিসি বা আইসিপিসি বার্ষিক প্রোগ্রামিং প্রতিযোগিতা, যেখানে একাধিক পর্ব পেরিয়ে আসতে হয় প্রতিযোগীদের। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলগুলো এতে অংশ নিয়ে থাকে।

সাস্ট ডাউন টু দ্য ওয়্যারের কোচ মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টায় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। আর পাঁচ ঘণ্টার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকালে।

এশিয়ায় ১৩টি জায়গায় এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়, যার অন্যতম ছিল ঢাকা সাইট। ঢাকায় বিজয়ী তিন দল প্রতিবছর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

বাংলাদেশ থেকে শাহাজালালের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুটি দল চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে।

সাইফুল ইসলাম জানান, প্রতিযোগিতার আঞ্চলিক পর্বগুলোতে ১০২টি দেশের ২ হাজার ৭৩৬টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল অংশ নিয়েছিল। চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে ১২৮টি।

এই দলগুলো এখন ফুকেটে অবস্থান করছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি দলে তিনজন প্রতিযোগী ও কমপক্ষে একজন কোচ আছেন।

সোমবার সব দলের প্রতিযোগী ও কোচদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে। বুধবার একটি প্রস্তুতিমূলক প্রতিযোগিতাও হবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট ডাউন টু দ্য ওয়্যার'র প্রতিযোগীরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ, সাকিবুল মাওলা ও ধনঞ্জয় বিশ্বাস। তাদের সাথে কোচ হিসেবে আছেন একই বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম।

প্রোগ্রামিং সংশ্লিষ্ট এক হাজার তিনশ মানুষের উপস্থিতিতে কম্পিউটার প্রোগ্রামিংয়ের এই মহাযজ্ঞে যুক্তরাষ্ট্র ও কানাডার তিনটি বিশ্ববিদ্যালয়ের কোচ হিসেবে তিনজন বাংলাদেশি প্রোগ্রামার আছেন বলে সাইফুল ইসলাম জানান।

এর আগে ২০১৫ সালে মরক্কোয় অনুষ্ঠিত বিশ্ব প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয় ‘সাস্ট ডাউন টু দ্য ওয়্যার’।