ভোগড়ায় পোশাক কারখানায় আগুন
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় মীম গ্রুপের আলেমা টেক্সটাইল কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে অষ্টম তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগার পর ষষ্ঠতলায় ছড়িয়ে পড়ে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান।
ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টায়ও আগুন জ্বলতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি সংকটের কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে।
“আগুন নেভাতে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।”
কারখানার ব্যবস্থাপক মো. আবু তাহের বলেন, সপ্তম তলায় রপ্তানিযোগ্য তৈরি পোশাক মজুদ ছিল।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
